দেবীদ্বারে ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজ এলাকায় ভোট প্রদান করেন।
ভোট শেষে দেবীদ্বারবাসীর উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটের সময় যাকে ইচ্ছা ভোট দেয়া যেতে পারে, তবে এর জন্য কারও সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের অবনতি বা বিরোধ সৃষ্টি করা উচিত নয়। তিনি আশা প্রকাশ করেন, ভোট প্রক্রিয়ার সময় সবাই সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখবেন এবং কেউ নেতিবাচক আচরণ করবেন না।
তিনি জানান, তার আসনে প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটারের জন্য এটি প্রথম ভোট। এ কারণে ভোটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের পরিস্থিতি কতটা পরিবর্তন হয়, তা দেখা যাবে। তবে আশা করি উৎসাহ বজায় থাকবে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন।
এজেন্টদের প্রবেশে কোনো সমস্যা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে টেকনিক্যাল বা প্রক্রিয়াগত জটিলতার খবর পাওয়া যায়নি। যদি কোনো প্রক্রিয়াগত জটিলতার বিষয় আসে, আমরা তা জানাবো, যোগ করেন তিনি।
সহিংসতার আশঙ্কা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কোনো সহিংসতা বা শঙ্কা চাই না। ভোট উৎসবের মতো। ভোট ভয়ের বিষয় নয়। মানুষ যার যা ইচ্ছা, যাকে ইচ্ছা ভোট দেবে।
তবে তিনি সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করে বলেন, গত দুই দিনে কিছু ব্যক্তিরা ভোটারদের কেন্দ্রগুলোতে না আসতে প্ররোচিত করার পাশাপাশি, তার বিপক্ষে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। তিনি এই ধরনের বক্তব্যকে ভয়ভীতি সৃষ্টির চেষ্টা হিসেবে ব্যাখ্যা করেছেন।
এসি//