জাতীয়

মসৃণভাবে ভোটগ্রহণ চলছে: কমনওয়েলথ প্রতিনিধি দল 

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কমনওয়েলথ পর্যবেক্ষক গ্রুপের চেয়ারপারসন এবং ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আড্ডো বলেছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে এবং আশা প্রকাশ করেছেন, সারা দেশে একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন করার পর সাংবাদিকদের এ কথা জানান। সকাল সাতটায় থেকেই কমনওয়েলথ পর্যবেক্ষক দল কেন্দ্রটিতে উপস্থিত থেকে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

২৩ সদস্যের কমনওয়েলথ অবজারভার গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো আডো। প্রতিনিধি দলটি দিনভর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স আইজাবস বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। সঠিক সময়ে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। অবাধ ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের প্রত্যাশা করছে ইইউ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।

দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন