নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব : তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত হয়, তাহলে ফলাফল মেনে নেয়ায় কোনো আপত্তি থাকবে না। তবে তিনি জোর দিয়ে বলেন, ভোটপ্রক্রিয়াকে অবশ্যই শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে। ভোটের সময় কোনো বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেই ফলাফল গ্রহণযোগ্য হবে না।
এর আগে তারেক রহমান গুলশান মডেল স্কুলে নিজের ভোট প্রদান করেন এবং পরে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে গুলশানে তার কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
তিনি আরও বলেন, “আমি সবাইকে আহ্বান জানাচ্ছি—আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে ভোটাররা শান্তিপূর্ণ ও সুন্দরভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। একসঙ্গে আমরা প্রত্যাশিত বাংলাদেশ গঠনের দিকে এগোতে পারি।”
জয়ের ব্যাপারে বিএনপি কতটা আশাবাদী জানতে চাইলে তারেক রহমান বলেন, আমরা আত্মবিশ্বাসী, আলহামদুলিল্লাহ বিজয়ের ব্যাপারে আশাবাদী।
কত আসনে জয়ের আশা করছেন এমন প্রশ্নে তিনি বলেন, আমরা এতটুকু প্রত্যাশা করছি— যত আসন পেলে আমরা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারব।
নির্বাচনে বিএনপি জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, যাদের সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি, কম-বেশি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই।
সারা দেশের ভোটের খবর কেমন জানতে চাইলে তারেক রহমান বলেন, আমি এতক্ষণ বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, এখনও সারা দেশের খবর পাইনি। এই মাত্র অফিসে আসলাম। ৫ ঘণ্টা অতিবাহিত হয়েছে, কিন্তু আমি বিভিন্ন কেন্দ্র ঘুরছিলাম। ফলে আমি বিস্তারিত খবর নিতে পারিনি। মোবাইলে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ দেখছিলাম। সেখানে দেখলাম, এখন বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোনো একটি রাজনৈতিক দল কিছু অপ্রত্যাশিত ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে। আমরা চাই না এমন ঘটনা ঘটুক।
তিনি বলেন, আমরা মনে করি দেশের মালিক হচ্ছে জনগণ। তারা যদি বেরিয়ে আসে এবং অধিকার প্রয়োগ করে, তবে ভোটের সংখ্যা যত বাড়বে সকল দলের ষড়যন্ত্র প্রতিহত করা যাবে। যারা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা বাড়বে। এই ঘটনাগুলো ভালো না। তারা বিভিন্নভাবে অনৈতিক কাজ করার চেষ্টা করছে।
ভোটের ফল গণনায় দেরি হওয়ার আশঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ফল গণনা নিয়ে দেরি হওয়ার কোনো কারণ দেখি না। কেন দেরি হবে? সমগ্র দেশের মানুষ যেখানে ভোট দিয়েছে, সেখানে তারা তো ফল দ্রুতই চাইবে। নির্বাচন কমিশন চেষ্টা করবে যত দ্রুত সম্ভব মানুষের ভোটাধিকারের ফল তাদের কাছে পৌঁছে দিতে।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, আমরা ৯১, ৯৬ ও ২০০১ সালেও নিরপেক্ষ নির্বাচন দেখেছি। ফল ঘোষণার সাধারণ একটা সময় তো আছেই। আমরা প্রত্যাশা করব এবারও মানুষ যত দ্রুত সম্ভব ভোটের ফল জানতে পারবে।
এসি//