রাজনীতি

ভোটের নিরাপত্তা নিশ্চিতকরণে সন্তুষ্ট জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভোটের মাঠে সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত তাদের ভূমিকা সন্তোষজনক এবং ভোটগ্রহণ শেষ থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত একইভাবে দায়িত্ব পালন করার প্রত্যাশা রাখছি।

জামায়াত আমির আরও বলেন, “দেশে যে চেতনার প্রতি সম্মান রেখে আমরা জনগণের কাছে এসেছি, সেই চেতনার বিজয় আজকের নির্বাচনে দেখা যাবে। ফ্যাসিবাদবিরোধী সকল আত্মদানের সম্মিলিত ফলাফলই আজকের ভোট।”

 

তবে তিনি কিছু অভিযোগও তুলে ধরেন। মিরপুরের একটি কেন্দ্রে বিরোধী প্রার্থীর সমর্থকরা তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কেন্দ্র দখল এবং একাধিক জায়গায় তাদের প্রার্থীর ওপর চড়াও হওয়ার ঘটনা ঘটেছে।

শফিকুর রহমান বলেন, এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তাদের পক্ষ থেকে ঘোষণা দেয়া সম্ভব হবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা। দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন