জাতীয়

শেষ হলো বহুল প্রতিক্ষীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ছবি: সংগৃহীত

সারাদেশে শান্তিপূর্ণভাবে এবং উৎসবের আমেজে সম্পন্ন হয়েছে বহুল প্রতিক্ষীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের নির্বাচনী কেন্দ্রগুলোতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।  

সারাদিন কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নারী-পুরুষ ও প্রবীণ ভোটারদের ছিল দীর্ঘ সারি। এছাড়া এবারের ভোটে সারাদেশে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

ভোটাররা বলেছেন, উৎসবমুখর পরিবেশে তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। এবার ভোট দিতে কোনো বাধা ছিল না। এবারের পরিবেশে ভয় ছিল না, শান্তিতেই ভোট দিয়েছি।

নির্বাচনের দিনটিতে সারাদেশে বিরাজ করেছিল উৎসবমুখর পরিবেশ। কোথাও কোথাও কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর এলেও সামগ্রিকভাবে দিনটি কেটেছে শান্তিপূর্ণভাবে। 

জানা গেছে, নওগাঁয় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই নির্ধারিত রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দিয়ে রাখার অভিযোগে এক প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। এছাড়া কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের একটি ভোটকেন্দ্রে ভোট দেয়ার পর ব্যালট পেপার বাক্সে জমা না দিয়ে কেন্দ্রত্যাগের অভিযোগে শাহিন মালিথা (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। 

অপরদিকে, চুয়াডাঙ্গা পৌর এলাকার একটি ভোটকেন্দ্রের পাশ থেকে নগদ ৭৯ হাজার ৩০০ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করা হয়েছে। এছাড়া ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদরের আংশিক) সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে এজেন্টের ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে অপসারণ করা হয়েছে। এদিকে, ভোলা-১ সংসদীয় আসনের সদর আসনের একটি ভোটকেন্দ্রের পাশের মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক জামায়াত কর্মী আটক। 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। একই জেলার সরাইল উপজেলায় ভোটগ্রহণ চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্র ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়েছে। এছাড়া ভোটকেন্দ্রর মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলার তিনটি ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া মাদারীপুরের রাজৈরে একটি ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেলের আশি শতাংশের বেশি পুড়ে গেছে।

এদিকে, মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি এলাকায় ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত পাঁচজনকে আলুর ক্ষেত থেকে ধাওয়া করে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়ি থেকে ২০টি অবিস্ফোরিত ককটেল ও একটি একনালা বন্দুক উদ্ধার করা হয়। একই আসনের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের অদূরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

ফরিদপুর-১ ও ফরিদপুর-৩ সংসদীয় আসনের সদর উপজেলা ও মধুখালী উপজেলার দুটি কেন্দ্র থেকে দুজন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের ভোটগ্রহণে প্রভাব বিস্তার ও কারচুপির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। জেলায় ভোট কেন্দ্রের ভেতরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টকে জরিমানা করেছেন বিচারিক আদালত। 

শেরপুর-১ (সদর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যালট বই ছিনতাই ও জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এছাড়া জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণ করতে গিয়ে নগদ টাকাসহ তার ৩ কর্মী জনতার হাতে আটক হয়েছে। পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেন তারা।

ইসির তথ্যসূত্রে জানা গেছে, দেশের ২৯৯টি আসনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোটগ্রহণ সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। দুপুর ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন