রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ নিয়ে নাসীরুদ্দীন
ঢাকা-৮ আসনের ছয় কেন্দ্রের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ নিয়ে ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেছেন ১১ দলীয় জোটের শাপলা কলি মার্কার প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে আসেন। এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা তার প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি অভিযোগ করেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস কলেজ কেন্দ্রগুলোতে অনিয়ম করা হচ্ছে।
শাহিন আহমেদ দাবি করেন, মির্জা আব্বাস কলেজে বেশি ভোট পাওয়ার পরও আবার ভোট গণনার জন্য এজেন্টদের আটকে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এই কেন্দ্রগুলোতে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরও কয়েকটি কেন্দ্রেও এজেন্টদের আটকে রাখার খবর পেয়েছেন। এই কেন্দ্রগুলোতে এনসিপি এগিয়ে থাকার পরেও ফলাফল ঘোষণা করছেন না। এগুলোর অভিযোগ দিতেই এসেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
আই/এ