জাতীয়

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

ছবি: ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেওয়া এক বার্তায় এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বার্তায় প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের উদ্দেশ্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফল শান্ত ও মর্যাদার সঙ্গে গ্রহণ করার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি উল্লেখ করেন, নির্বাচনী প্রচারপর্ব থেকে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত ডা. শফিকুর রহমানের রাজনৈতিক শিষ্টাচার, সংযত অবস্থান, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে ইতিবাচক ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের সময় জামায়াতে ইসলামী যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা দিয়েছে, তার জন্যও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

বার্তায় ড. ইউনূস বলেন, বাংলাদেশ বর্তমানে এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার—এসব ক্ষেত্রে দেশের সামনে যেমন চ্যালেঞ্জ রয়েছে, তেমনি সম্ভাবনাও রয়েছে। এই প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দল—উভয়ের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

তিনি আশা প্রকাশ করেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

জাতীয় ঐক্য সুসংহত করতে অতীতে জামায়াত আমির যে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে—এমন বিশ্বাস ব্যক্ত করে প্রধান উপদেষ্টা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন