রাজনীতি

৩২ আসনে পুনরায় ভোট গণনার দাবি ১১ দলীয় জোটের

ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ তুলে ৩২টি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে ১১ দলীয় জোট। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ নির্বাচন কমিশন-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী-র সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

তিনি অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো নানা উপাদান সক্রিয় ছিল। অবৈধ অস্ত্র, কালো টাকা, হুমকি-ধমকি ও জাল ভোটের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ৪০০ পিস্তল এখনো উদ্ধার হয়নি এবং এসব অস্ত্র নির্বাচনে প্রভাব ফেলেছে।

হামিদুর রহমান বলেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে—আমরা লক্ষ্য করেছি। কিছু কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে সিল মারার অভিযোগ রয়েছে। বিষয়টি কমিশনকে বারবার জানানো হলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।”

নির্বাচনের ফলাফলের গেজেট তড়িঘড়ি প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, দ্রুত গেজেট প্রকাশের কারণে অনেক প্রার্থী সময়মতো আনুষ্ঠানিক অভিযোগ জানাতে পারেননি।

ভোটের হার নিয়েও প্রশ্ন তুলে তিনি জানান, বিকেল সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষ হলেও কিছু কেন্দ্রে কয়েক ঘণ্টা আগেই অস্বাভাবিক ভোটের হার দেখা গেছে। আবার ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিছু কেন্দ্রে হঠাৎ করে উচ্চহারে ভোট পড়ার তথ্য পাওয়া গেছে।

ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে তিনি বলেন, ঢাকা-৬ আসনে তাদের প্রার্থীর একজন এজেন্ট মুসলিম হলেও ফলাফল শিটে একজন হিন্দুর স্বাক্ষর পাওয়া গেছে। কোথাও কোথাও পেন্সিল দিয়ে ফলাফল লেখা হয়েছে বলেও দাবি করেন তিনি। এসবের মাধ্যমে সূক্ষ্মভাবে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ তোলেন।

১১ দলীয় জোট সংশ্লিষ্ট ৩২টি আসনে পুনরায় ভোট গণনা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।

বৈঠকে নির্বাচন কমিশনের চার কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। জোটের পক্ষ থেকে বিভিন্ন দলের নেতারাও অংশ নেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন