পতাকাবাহী গাড়িতে শপথে যাবেন উপদেষ্টারা, ফিরবেন পতাকা ছাড়া
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন এবং শপথের দিন সবাই উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে যোগ দিতে তারা পতাকাবাহী গাড়িতে করে যাবেন। তবে শপথ অনুষ্ঠান শেষে একই গাড়িতে তাদের নিজ নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হলেও ফেরার সময় গাড়িতে কোনো পতাকা থাকবে না।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টাদের শপথ-সংক্রান্ত প্রটোকল ও দায়িত্ব নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব।
তিনি আরও বলেন, উপদেষ্টারা সবাই বর্তমানে দেশেই অবস্থান করছেন এবং তারা দেশের গর্বিত সন্তান। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রায় তারা সর্বোচ্চ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আগামী ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এসি//