মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ১
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল রানা (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আলমগীর হোসেন (২৫)। নিহত সোহেল একই এলাকার সামাদের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আজ সকালে মহাসড়ক পাড় হতে গিয়ে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেল সোহেলকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত হন মোটরসাইকেল চালক আলমগীর হোসেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মোটরসাইকেল চালককে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওসি দেবাশীষ রায় বলেন, এঘটনায় থানায় হাইওয়ে আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হবে। নিহতের পরিবারের সদস্যদের কাছে মরদেহ সুরতহাল শেষে হস্তান্তর করা হয়েছে।
আই/এ