আজ থেকে কলেজ–মাদরাসায় ৩৯ দিনের ছুটি, স্কুলের কবে থেকে
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজ এবং মাদরাসাগুলোতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দীর্ঘ ছুটি শুরু হয়েছে। ছুটির সূচি অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। নিয়মিত ক্লাস পুনরায় শুরু হবে ২৯ মার্চ থেকে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, কলেজগুলোতে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ২৬ দিন বন্ধ থাকবে। এর মধ্যে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে একদিনের সরকারি ছুটি রয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় কার্যত ২৯ মার্চ, রোববার থেকে শ্রেণি কার্যক্রম শুরু হবে।
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, ভোকেশনাল স্কুল ও কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ এবং ভোকেশনাল কলেজসমূহে ছুটি কার্যকর হবে ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানে ২৯ মার্চ থেকে পুনরায় পাঠদান শুরু হবে।
বর্ষপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে কলেজগুলোতে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এছাড়া দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
প্রতি বছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জন্য তিন দিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে।
এসি//