রমজানে বিশেষ ‘এস্কর্ট’ সেবা দেবে ডিএমপি
পবিত্র রমজান মাসে বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘এস্কর্ট’ সেবা চালু করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে রাজধানীতে কেনাবেচা, ব্যবসা-বাণিজ্য এবং নগদ অর্থ ও মূল্যবান দ্রব্যের লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এ সময়ে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বড় অঙ্কের অর্থ বা মূল্যবান সামগ্রী স্থানান্তরের ক্ষেত্রে নিরাপত্তা সহায়তা চাইলে ডিএমপির এস্কর্ট সেবা নিতে পারবেন।
তবে সেবাপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে বলে জানান তিনি।
রাজধানীবাসীকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজন অনুযায়ী এ বিশেষ নিরাপত্তা সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি। সংশ্লিষ্ট থানা অথবা ডিএমপির কন্ট্রোল রুমে আগাম তথ্য দিলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের নম্বর: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ ও ০১৩২০-০৩৭৮৪৬। এছাড়া জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার অনুরোধ জানানো হয়েছে।
এমএ//