আন্তর্জাতিক

ভারতের নিষিদ্ধপল্লী থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

ভারতের পুনে শহরের বুধওয়ার পেথ রেড-লাইট এলাকা থেকে ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, যৌনপল্লীতে দেহব্যবসায় বাধ্য হওয়া এক বাংলাদেশি নারী স্থানীয় এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার এক মাস পর বুধবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।

স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে উপপুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে প্রায় ৭০০ সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানের মূল লক্ষ্য ছিল পতিতাবৃত্তিতে বাধ্য হওয়া বাংলাদেশি নারী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের উদ্ধার করা।

পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানান, যেসব ভবনে বাংলাদেশি নারীদের অবৈধভাবে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করা হচ্ছিল, সেগুলো সিলগালা করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।

এছাড়া উদ্ধার হওয়া নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করা হবে বলে পুলিশ জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গেলো এক সপ্তাহের মধ্যে একই এলাকায় এটি পুলিশের দ্বিতীয় বড় অভিযান। এর আগে ১২ ফেব্রুয়ারি একই স্থান থেকে দুই বাংলাদেশি নারী ও কয়েকজন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে উদ্ধার করা হয়েছিল।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন