জাতীয়

৮ উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, গঠিত হলো মন্ত্রিসভা কমিটি

দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে অর্থমন্ত্রীকে প্রধান করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিতে নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। পাশাপাশি উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহ্দী আমিন, মন্ত্রিপরিষদ সচিব এবং সাতটি মন্ত্রণালয়ের সচিবদেরও সদস্য করা হয়েছে।

এই কমিটির মূল দায়িত্ব হবে ফ্যামিলি কার্ড কর্মসূচির একটি কার্যকর কাঠামো নির্ধারণ এবং প্রকৃত সুবিধাভোগী বাছাইয়ের কৌশল তৈরি করা। প্রাথমিকভাবে প্রতিটি বিভাগ থেকে একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে এই কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া নারীদের জন্য বর্তমানে চালু থাকা কোনো সামাজিক কর্মসূচিকে ফ্যামিলি কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কি না, তা পর্যালোচনা করবে কমিটি। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের সংযোগের মাধ্যমে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থাপনা কাঠামো (এমআইএস) গড়ে তোলার সুপারিশ করার কথাও বলা হয়েছে।

সরকারের লক্ষ্য আসন্ন ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা। সে লক্ষ্যে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনে কমিটির বৈঠক আহ্বান করা হবে এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও থাকবে এই কমিটির হাতে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন