আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেবে না যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না যুক্তরাজ্য। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলার উদ্দেশ্যে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে রাজি হয়নি লন্ডন। এ সিদ্ধান্তে দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দীর্ঘদিনের প্রতিরক্ষা সমঝোতা অনুযায়ী, যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি এবং ভারত মহাসাগরে অবস্থিত যৌথ মার্কিন-ব্রিটিশ ঘাঁটি ডিয়েগো গার্সিয়া থেকে কোনো অভিযান চালাতে হলে ব্রিটিশ সরকারের পূর্বানুমতি প্রয়োজন। তবে ইরানসংক্রান্ত সম্ভাব্য অভিযানের ক্ষেত্রে সেই অনুমতি দেওয়া হয়নি।

যুক্তরাজ্যের আশঙ্কা, সুস্পষ্ট আইনি ভিত্তি ছাড়া এ ধরনের সামরিক পদক্ষেপে যুক্ত হলে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।

এ অবস্থানের সমালোচনা করে ট্রাম্প ২০২৫ সালে চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের চুক্তির বিষয়টিও তুলে ধরেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, সম্ভাব্য হুমকি মোকাবিলায় ডিয়েগো গার্সিয়া ও ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহারের প্রয়োজন হতে পারে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের প্রেক্ষাপটেই এ মতপার্থক্য সামনে এসেছে। এ বিষয়ে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে আলোচনা করেন। পরে তিনি দাবি করেন, আন্তর্জাতিক আইনের আওতায় যুক্তরাজ্যের সমর্থন নেওয়া সম্ভব এবং ইরান পশ্চিমা দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন