রাজধানী

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ১৫ হাজার পুলিশ মোতায়েন থাকবে: ডিএমপি কমিশনার

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি জানান, দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারকে কেন্দ্র করে ১৫ হাজার পুলিশ সদস্যের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, মহান শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাপক লোকসমাগম হবে। শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে সবাইকে শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানান তিনি।

ডিএমপি কমিশনার আরও জানান, নিয়মিত পুলিশের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিংও জোরদার করা হয়েছে।

প্রবেশ ও প্রস্থান সংক্রান্ত নির্দেশনায় তিনি বলেন, সাধারণ দর্শনার্থীদের পলাশীর মোড়-জগন্নাথ হল ক্রসিং হয়ে নির্ধারিত রুটে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। অন্য কোনো রাস্তা ব্যবহার করা যাবে না। শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর অথবা চানখারপুল হয়ে বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া কেউ যেন কোনো ধরনের ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে না আসেন—সে বিষয়ে সতর্ক করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে শুক্রবার সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশপথে ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে বলেও জানান তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন