জাতীয়

দেশে ৬৫টির বেশি ভাষা রয়েছে, সেগুলোরও সংরক্ষণ জরুরি: শিক্ষামন্ত্রী

পৃথিবীতে প্রায় ৩০০ মিলিয়ন মাতৃভাষা রয়েছে। সেগুলোর সংরক্ষণ জরুরি। বাংলাদেশে প্রায় ৬৫টির বেশি ভাষা রয়েছে, সেগুলোকেও সংরক্ষণ করতে হবে। বলেছেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলা আমাদের মাতৃভাষা এবং প্রথম ভাষা হিসেবে এর গুরুত্ব অপরিসীম। তবে এখন সময় এসেছে দ্বিতীয় ভাষার বিষয়েও গুরুত্ব দিয়ে ভাবার। দেশে ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহৃত হলেও, অনেক ক্ষেত্রে অন্যান্য ভাষার প্রয়োজনীয়তা রয়েছে। মাদরাসাগুলোতে আরবিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কিন্তু সেখানে ইংরেজি ও বাংলাকে কীভাবে সমন্বয় করা হবে, সে বিষয়ে কার্যকর সিদ্ধান্ত এখনও হয়নি।

ভাষার গুরুত্ব বোঝাতে তিনি বলেন, আমরা স্বপ্ন দেখি বাংলা ভাষায়। চিন্তা, জ্ঞান-বিতরণ, অনুভূত—সবকিছু শুরু হয় মাতৃভাষা দিয়ে। বিদেশে কেউ ইংরেজিতে কথা বললেও মনের ভেতর অনেকে বাংলাতেই ভাবেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, টেলিভিশন ও বিভিন্ন আলোচনায় বাংলা ভাষার চর্চা কমে যাচ্ছে। বানান ও ব্যাকরণে শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে। ভাষা আধুনিক হতে পারে, কিন্তু বিকৃত হওয়া উচিত নয়।

১৯৫২ সালের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বাংলা ভাষার মাধ্যমেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই দেশের সার্বভৌমত্ব ও ভাষার মর্যাদা রক্ষা করতে আমাদের আরও মনোযোগী হতে হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন