ফের পেছালো বইমেলার উদ্বোধন
অমর একুশে বইমেলার উদ্বোধন আবারও পিছিয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সংস্কৃতি মন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত থেকে অমর একুশে বইমেলা–২০২৬ এর উদ্বোধন ঘোষণা করবেন।
এর আগে ২০ ফেব্রুয়ারি মেলা শুরু হওয়ার কথা থাকলেও পরে তা ২৫ ফেব্রুয়ারিতে নির্ধারণ করা হয়। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী উদ্বোধন হবে ২৬ ফেব্রুয়ারি।
এবারের বইমেলায় অংশ নেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।
তবে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে স্বচ্ছতার অভাব এবং সময় সংকটের অভিযোগ তুলে ‘প্রকাশক ঐক্য’ নামের একটি প্রকাশক সংগঠন মেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ সিদ্ধান্ত জানায়।
এমএ//