দেশজুড়ে

৫ টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের পাঁচ টাকা কম দেওয়া নিয়ে বিরোধের জেরে আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, বিদ্যুৎ বিলের সামান্য টাকা নিয়ে সন্ধ্যার আগে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। তবে তখন পরিস্থিতি শান্ত ছিল। পরে ইফতারের পর আলমগীর স্থানীয় একটি দোকানে চা খেতে গেলে সেখানে তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, আলমগীর দীর্ঘদিন আবুধাবিতে কর্মরত ছিলেন। চলতি মাসের শুরুতে ছুটিতে দেশে ফেরেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে স্বজনরা শোকাহত।

ঘটনার পর জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন