ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তারিখ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে মার্চের ১২ তারিখে সংসদ অধিবেশন আহ্বান করা হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে প্রথম অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অব দ্য ডে সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। শোক প্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের নিয়মিত কার্যক্রম।
তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। স্পিকার, ডেপুটি স্পিকার পরে চূড়ান্ত করা হবে।
রাজধানীর আদাবরে চাঁদাবাজির বিষয়ে তিনি আরও বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত। এ বিষয়ে খোঁজ নিতে বলেছেন। তদন্ত করে মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন। এ ধরণের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের শীর্ষ পদে কিছু পরিবর্তন আসবে।
আই/এ