আইন-বিচার

‘জাহাজ বাড়ি’ মামলায় হাসিনাসহ পলাতকদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ছবি: সংগৃহীত

রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি অভিযানের নামে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ পলাতক ছয় আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২২ ফেব্রুয়ারি) প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।

এর আগে গেল ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়ে পলাতক ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলায় গ্রেপ্তার দুই আসামি হলেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’ নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের সময় ৯ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী নিহত ৯ তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে আগে গ্রেপ্তার করা হয়েছিল এবং কেউ কেউ দুই-তিন মাস ধরে ডিবি হেফাজতে ছিলেন। পরবর্তীতে তাদের ওই বাড়িতে নেওয়া হয়। ঘটনার রাতে ‘ব্লক রেইড’-এর কথা বলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সেখানে উপস্থিত হন এবং গুলি করে হত্যার পর ঘটনাটি ‘জঙ্গি হত্যা’ হিসেবে প্রচার করা হয় বলে অভিযোগ রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন