আবহাওয়া

সাগরে লঘুচাপ, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামীকাল ২৩ ফেব্রুয়ারি থেকে দেশের চার বিভাগে দুদিন বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ৫ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আগামীকাল ২৩ ফেব্রুয়ারি খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ফেব্রুয়ারি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন