বাংলাদেশ

ফের ভারত-বাংলাদেশ বাস সার্ভিস চালু

দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস। পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুইদিন এ রুটে বাস চলাচল করবে। পরবর্তীতে পরিস্থিতি স্থিতিশীল হলে সপ্তাহে তিন দিন করে নিয়মিত এই বাস পরিষেবা শুরু হবে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে রয়েল মৈত্রীর একটি বাস আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রবেশ করে। এর আগে গেল শনিবার পরীক্ষামূলকভাবে ত্রিপুরার আগরতলার কৃষ্ণনগর বাস ডিপো থেকে ঢাকায় একটি বাস আসে।

আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিসের জিএম ওয়ারিছ আলম ডিএস গণমাধ্যমকে জানান, আপাতত সপ্তাহে দুই দিন পরীক্ষামূলকভাবে বাস চলবে। পরে পরিস্থিতি স্থিতিশীল হয়ে গেলে সপ্তাহে তিন দিন করে নিয়মিত এই পরিষেবা শুরু হবে। 

ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, এই পরিষেবা পুনরায় চালু হওয়ার ফলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ, পর্যটন ও ব্যাবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে এবং শান্তি ও সমৃদ্ধির পথ সুগম হবে।

প্রসঙ্গত, ঢাকা হয়ে আগরতলা-কলকাতা এই বাস পরিষেবা আগেও চালু ছিল। তবে গত দেড় বছর ধরে রাজনৈতিক অস্থিরতা আর ভিসা জটিলতায় সাময়িকভাবে তা বন্ধ ছিলো।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন