জাতীয়

এবার কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পর এবার ট্র্যাফিক সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গাড়িবহর। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষ্যে বনানীর সামরিক বাহিনী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনে গিয়েছিলেন তিনি। রাষ্ট্রপতির গাড়িবহর কারওয়ান বাজার এলে সিগন্যালে আটকে পড়েন। এ সময় তার পেছনে থাকা গাড়িবহর ও সাধারণ যানবাহনও আটকে যায়। কিছুক্ষণের মধ্যেই অবশ্য সিগন্যাল ছেড়ে দেয়া হলে চলতে শুরু তার গাড়িবহর।

এমন দৃশ্য অবশ্য নতুন নয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরকেও যানজটে আটকে থাকতে দেখা গেছে। এমনকি তার সঙ্গে অনেককে ছবিও তুলতে দেখা যায়।

ভিভিআইপিদের বিশেষ প্রোটোকল নিয়ে যাতায়াতের কারণে জনভোগান্তির বিষয়টি এক সময় বেশ পরিচিত দৃশ্য ছিল। তবে সে দৃশ্য বদলে গেছে এবার। বিশেষ প্রোটোকল ছাড়াই চলাফেরা করছেন ভিভিআইপিরা।

এই দুই বছর আগেও বাংলাদেশে এমন দৃশ্য ছিল অকল্পনীয়। প্রধানমন্ত্রী চলাচলের জন্য পুরো রাস্তা বন্ধ তো রাখা হতোই, ফুটপাথ দিয়েও পথচারী পারাপারে ছিল নিষেধাজ্ঞা। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে আসার পর প্রথম দিনেই তেমন কিছু না করার নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শককে। তারই ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপতির গাড়িবহরও রাস্তায় চলাচল করেছে স্বাভাবিক নিয়ম মেনেই। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন