আন্তর্জাতিক

ইসরাইল সফর গিয়ে তোপের মুখে ভারতের প্রধানমন্ত্রী

ইসরাইল সফর গিয়ে তোপের মুখে নরেন্দ্র মোদি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরাইল পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফরের লক্ষ্য দুই দেশের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে তিনি ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বিশেষ ভাষণ দেবেন, যা নয়াদিল্লি-তেল আবিবের ক্রমবর্ধমান বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

তবে সফরটি ঘিরে ভারতের ভেতরেই সমালোচনা শুরু হয়েছে। কংগ্রেসের সংসদ সদস্য ইমরান মাসুদ বলেন, ভারতের অবস্থান ঐতিহাসিকভাবে ফিলিস্তিনপন্থী। তার মতে, গাজায় শিশুদের মৃত্যুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলা উচিত।

এদিকে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআইএম)-এর নেতা এমএ বেবি মন্তব্য করেছেন, নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করা হচ্ছে—এ অবস্থায় মোদির সফর জাতিসংঘে ভারতের সমর্থিত প্রস্তাবগুলোর সঙ্গে সাংঘর্ষিক।

অন্যদিকে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, মোদির ভাষণ উপলক্ষে নেসেটে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তবে কিছু বিরোধী দল ওই অধিবেশন বয়কটের পরিকল্পনা করছে। প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের স্পিকার আমির ওহানা সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট আইজ্যাক অমিতকে আমন্ত্রণ না দেওয়ায় বিরোধীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মোদিকে তার ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। ২০১৭ সালে মোদির প্রথম ইসরাইল সফরের পর থেকেই প্রযুক্তি, কৃষি ও প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা দ্রুত বিস্তৃত হয়েছে। 

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ইসরাইল বিশ্বের অষ্টম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে এবং এই সময়ে ভারত ছিল তাদের প্রধান ক্রেতা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন