ফসলি জমির মাটি কাটায় ১৪ জনের কারাদণ্ড, ৭ ট্রাক জব্দ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাটি পরিবহনে ব্যবহৃত সাতটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে, যার মধ্যে ছয়টির নম্বরপ্লেট ছিল না।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ১২ জনকে দুই মাস করে, একজনকে চার মাস এবং আরেকজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কয়েকটি স্থানে অভিযান চালানো হয়।
কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন—রায়গঞ্জের চন্দন বসাক, রহমাতুল্লাহ, শাহীন, শাহাদাত হোসেন, আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, আইয়ুব আলী, রাসেল হোসেন, নাসিম ও আব্দুল খালেক; তাড়াশের সুশান্ত কুমার সিং ও আসলাম এবং উল্লাপাড়ার মেরাজুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির ওপরের উর্বর মাটি অপসারণ করলে জমির উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, যা আইনত দণ্ডনীয় অপরাধ। জব্দ ট্রাকগুলো থানায় রাখা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।