হত্যার পাঁচ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার
রাজশাহীতে যুবক সাব্বির হত্যার ঘটনার পাঁচ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে আটক করেছে র্যাব। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর মতিহার থানার ডগারহাট এলাকা থেকে অভিযুক্ত জাসনকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর একটি দল।
র্যাব সূত্র জানায়, দুপুরে ছুরিকাঘাতের ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে।
এর আগে এদিন দুপুরে পূর্ববিরোধের জেরে নগরীর পবা রাইসমিলপাড়া এলাকায় সাব্বিরকে বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাব্বির স্থানীয় হোটেল ব্যবসায়ী শাহিন ইসলামের ছেলে। অভিযুক্ত জাসন একই এলাকার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে। জমি বিক্রিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল বলে জানা গেছে। মঙ্গলবার সাব্বিরের বাবাকে মারধরের ঘটনার পরদিনই এ হত্যাকাণ্ড ঘটে।
এমএ//