দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। নিহত নাছির উদ্দীন (১৭) উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়য়ের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পাকুন্দিয়ামঠখোলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার হোসেন্দী এলাকায় মানিক কবিরাজের বাড়ি থেকে শরীরের ব্যথার ওষুধ নিয়ে মোটরসাইকেলে করে পাকুন্দিয়া হয়ে বাড়ি ফিরছিলেন নাছির উদ্দীন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাকুন্দিয়া থেকে মঠখোলার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি পৌর সদরের নিশ্চিন্তপুর পাঁচতলা এলাকায় পৌঁছালে উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক নাছির উদ্দীন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন