জাতীয়

কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।   

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত প্রস্তুতি ও মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ৪০ শতাংশ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে হয়। এ অঞ্চলের মৎস্য উৎপাদন, সফল উদ্যোক্তা এবং খামারিদের কার্যক্রম জাতীয় পর্যায়ে তুলে ধরতেই কিশোরগঞ্জের কটিয়াদীকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নির্বাচন করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রতি বছর দেশের সেরা মৎস্য উদ্যোক্তা ও খামারিদের স্বর্ণপদক দেওয়া হয়। এতদিন এই আয়োজন ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলেও এবার প্রধানমন্ত্রী উৎপাদনসমৃদ্ধ এলাকায় অনুষ্ঠান আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। পরে বিভিন্ন জেলা পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে কটিয়াদীকে চূড়ান্ত করা হয়।

প্রতিমন্ত্রী আরও জানান, নির্বাচনের পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর। পাশাপাশি ঢাকার বাইরে প্রথমবারের মতো জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি বলেন, এই আয়োজন শুধু একটি সরকারি অনুষ্ঠান নয়, কিশোরগঞ্জের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ সুযোগ। এর মাধ্যমে জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে এবং স্থানীয় মৎস্য খাতের সম্ভাবনা দেশব্যাপী তুলে ধরা সম্ভব হবে।

অনুষ্ঠানের ভেন্যু নির্ধারণে একাধিক স্থান পরিদর্শন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থ বিবেচনায় একটি স্থান প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থ নয়, জাতীয় প্রয়োজনকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি কিশোরগঞ্জ সদরেও পৃথক কর্মসূচিতে যোগ দেবেন। সফল আয়োজন নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং জেলার সর্বস্তরের মানুষের সমন্বিত সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন