আফগান–পাকিস্তান সংঘাত
সংলাপের মধ্যমে সমাধানের আহ্বান ইরানের
আফগানিস্তান ও পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে দুই দেশকে সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
রমজান মাসের সংযম ও ইসলামী ঐক্যের গুরুত্ব তুলে ধরে আরাগচি বলেন, কাবুল ও ইসলামাবাদের উচিত মতপার্থক্য শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা এবং সুপ্রতিবেশীসুলভ আচরণ বজায় রাখা। তিনি জানান, গঠনমূলক সংলাপ এগিয়ে নিতে, পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে এবং সহযোগিতা বাড়াতে তেহরান প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।
এদিকে সীমান্ত পরিস্থিতি ঘিরে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে আফগানিস্তান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
এর জবাবে পাকিস্তান ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে। পাকিস্তান বিমান বাহিনীর অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত এবং প্রায় দুই শতাধিক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি আফগান সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছে।
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ভোর ৪টা ৫০ মিনিটে এক্সে দেওয়া বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ–এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিট থেকে অভিযান শুরু হয়। তিনি বলেন, অভিযানের অংশ হিসেবে রাজধানী কাবুলসহ পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
এমএ//