রাজধানীতে এসি বিস্ফোরণে ৩ জন দগ্ধ
রাজধানীর পুরান ঢাকার নারিন্দায় একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে এক নারীসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে পাঁচতলা ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এ ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম জানায়, বিকট শব্দের পরপরই তৃতীয় তলায় আগুন ধরে যায় এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন এবং প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকলের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে, ফলে তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েনি।
আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তিনজনের শরীরের বিভিন্ন অংশে গুরুতর দগ্ধের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তারা বর্তমানে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
এমএ//