জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আসন্ন বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তার ঢাকা সফরের সূচি নির্ধারিত ছিল।

শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, অনিবার্য কারণে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়া হয়েছে। 

গেল ২২ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল। 

প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরকালে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

এর আগে চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সফরের ফিরতি আয়োজন হিসেবে আনোয়ার ইব্রাহিমের ৭ ও ৮ ডিসেম্বর ঢাকা সফরের প্রস্তুতি চলছিল দুই দেশের মধ্যে। 

সফরকালে ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। ঢাকা সফর শেষে তার ব্যাংকক যাওয়ার পরিকল্পনাও ছিল।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম।

 

এ সম্পর্কিত আরও পড়ুন