ক্যাম্পাস

খণ্ডিত ছবি ছড়িয়ে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা হচ্ছে: জবিশিস সভাপতি

ডিন হিসেবে দায়িত্ব পালনকালীন বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃতভাবে ছড়িয়ে দিয়ে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মঞ্জুর মুর্শেদ। তার মতে, খণ্ডিত ছবি দিয়ে কারও রাজনৈতিক অবস্থান তুলে ধরার চেষ্টা বিভ্রান্তিকর এবং অনৈতিক।

শনিবার (২৮ নভেম্বর) এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে অধ্যাপক মঞ্জুর মুর্শেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিন নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা অনুসরণ করা হয়। এটি নির্বাচন কিংবা প্রশাসনের ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে নির্ধারিত হয় না। ডিন হিসেবে দায়িত্ব নেওয়ার সময় উপাচার্য ও ট্রেজারারের শুভেচ্ছা গ্রহণ, বিভিন্ন নীতিনির্ধারণী সভায় অংশগ্রহণ এবং জাতীয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকা তার দায়িত্বেরই অংশ। এসব কর্মকাণ্ডের ছবি রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ হিসেবে প্রচার করা হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, সাবেক উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সময়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে ডিনের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই সময়ের ছবিগুলোও তখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে অধ্যাপক মঞ্জুর বলেন, ২০০৭ সালে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করেন। দীর্ঘ ১৭ বছর সাদা দলের সক্রিয় সদস্য ছিলেন। রাজনৈতিক পরিচয়ের কারণে তার স্ত্রী একাধিকবার শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার পরও নিয়োগ পাননি বলেও দাবি করেন তিনি।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি তার সমর্থন ছিল। হত্যাকাণ্ড ও দমন-পীড়নের প্রতিবাদে কয়েকজন সহকর্মীর সঙ্গে ঝুঁকি নিয়ে বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিয়েছেন। এ কারণে তার পরিবারও হুমকির মুখে পড়েছিল বলে জানান তিনি।

এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার পর আয়োজিত দোয়া মাহফিলে মসজিদে তার উপস্থিতির ছবিও নেতিবাচকভাবে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন অধ্যাপক মঞ্জুর। 

তিনি বলেন, শিক্ষক হিসেবে মানবিক দায়িত্ববোধ ও সহমর্মিতা থেকেই ওই দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনিক দায়িত্ব পালন করলেই সংশ্লিষ্ট প্রশাসনের রাজনৈতিক আদর্শের সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয় না। প্রাতিষ্ঠানিক দায়িত্ব, পেশাগত সৌজন্য ও ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসের মধ্যে পার্থক্য রয়েছে। এসব বিষয়কে এক করে উপস্থাপন করা অনৈতিক।

মতপ্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে মিথ্যা প্রচারণা, ব্যক্তিগত সম্মানহানি কিংবা পরিবারের সদস্যদের বিব্রত করার সুযোগ কারও নেই উল্লেখ করে তিনি বলেন, “সত্যকে খণ্ডিত ছবি দিয়ে আড়াল করা যায় না।”

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন