আন্তর্জাতিক

পাকিস্তানের দখলে আফগানিস্তানের আকাশ, টহল দিচ্ছে পাক যুদ্ধবিমান

আফগানিস্তানে একাধিক বিমান হামলার পর কান্দাহারের আকাশে পাকিস্তানি বিমানবাহিনীর যুদ্ধবিমান টহল দিচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। ইসলামাবাদ দাবি করেছে, কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় পরিচালিত অভিযানে তালেবানের বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে এবং শতাধিক সদস্য নিহত হয়েছেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ–এর খবরে বলা হয়েছে, হামলার পর থেকে কান্দাহারের আকাশে পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান টহল দিচ্ছে। নিরাপত্তা সূত্রের বরাতে পিটিভি জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাতে সক্ষম।

পাকিস্তান টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তানি বাহিনী কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় নির্ভুল হামলা চালিয়েছে। এতে তালেবানের চেকপোস্ট, ব্রিগেড সদর দপ্তর, গোলাবারুদ ডিপো ও লজিস্টিক ঘাঁটি ধ্বংস হয়েছে।

তিনি জানান, এসব অভিযানে ১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। ‘গাজব লিল-হক’ নামে পরিচালিত এই অভিযানের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও দাবি করেন, আফগান তালেবান সরকারের ২৭টি পোস্ট ধ্বংস এবং ৯টি পোস্ট দখল করেছে পাকিস্তানি বাহিনী। পাশাপাশি দুটি কর্পস সদর দপ্তর, তিনটি ব্রিগেড সদর দপ্তর, দুটি গোলাবারুদ ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন সদর দপ্তর, দুটি সেক্টর সদর দপ্তর এবং ৮০টির বেশি ট্যাংক, আর্টিলারি গান ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন