ঈদের সম্ভাব্য তারিখ জানালো জ্যোতির্বিদরা
চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সাম্প্রতিক বছরগুলোতে রমজান ২৯ দিনেই শেষ হলেও এবার জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে একদিন বেশি রোজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই হিসাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে ২১ মার্চ ঈদ পালনের সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ১৮ মার্চ (বুধবার) চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই। ফলে ওই দিন শাওয়াল মাস শুরু হওয়ার সুযোগ কম। তিনি আরও বলেন, ১৯ মার্চ (বৃহস্পতিবার) ভোর ৫টা ২৩ মিনিটে শাওয়ালের চাঁদের জন্ম হবে।
সেদিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ দিগন্তের ওপর থাকতে পারে। আবহাওয়া পরিষ্কার থাকলে খোলা চোখে চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে জ্যোতির্বিদদের এই হিসাব প্রাথমিক নির্দেশনা মাত্র। চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ধারণ করবে সংশ্লিষ্ট দেশের সরকারি চাঁদ দেখা কমিটি, যারা ধর্মীয় বিধান ও সরাসরি পর্যবেক্ষণের ভিত্তিতে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
এমএ//