সৌদি-কাতারসহ মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে হামলা
কাতারের আল-উদেইদ এয়ার বেস, কুয়েতের আল-সালেম এয়ার বেস, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা এয়ার বেস এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ-এর বরাতে কাতারভিত্তিক আলজাজিরা এই খবর প্রকাশ করেছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি-তে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে আবুধাবিতে হামলার পর আকাশসীমা বন্ধ করা হয়। সৌদি আরবের রিয়াদ-এও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
এএফপি আরও জানায়, বাহরাইনের রাজধানী মানামাতেও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার পর শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
কাতারের রাজধানী দোহাতেও একাধিক জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের অনেকগুলো প্রতিহত করা হয়েছে।
হামলাটি ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার জবাবে চালানো হয়েছে বলে জানা গেছে।
এমএ//