সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিশোধন ও রপ্তানি কেন্দ্র সৌদি আরামকোর রাস তানুরায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (০২ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্থাপনা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, তবে কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হামলায় ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করা হতে পারে। নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে বর্তমানে শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি সৌদি আরামকো- এর পরিচালনায় রয়েছে। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি হিসেবে পরিচিত এই স্থাপনায় প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল পরিশোধন করা সম্ভব। পাশের রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হয়।
এই স্থাপনায় শোধন ইউনিট রয়েছে। বড় বড় সংরক্ষণ ট্যাংক রয়েছে। পাইপলাইনের নেটওয়ার্ক রয়েছে। আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দরও আছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহে এই স্থানের বড় ভূমিকা আছে। তাই এখানে কড়া নিরাপত্তা ও উন্নত নজরদারি ব্যবস্থা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তেল রপ্তানিতে রাস তানুরা খুবই গুরুত্বপূর্ণ। এই এলাকায় হামলা হলে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব পড়তে পারে এবং আন্তর্জাতিক তেলের দামে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে।
এসি//