লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩১
লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার (০২ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উত্তর ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলার জবাবে তারা সংগঠনটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। হামলার অংশ হিসেবে বৈরুতের দাহিয়েহ এলাকা এবং দক্ষিণ লেবাননের একাধিক স্থানে বিমান থেকে বোমাবর্ষণ করা হয়। একই সময়ে দক্ষিণ লেবাননের ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইলি সামরিক বাহিনী।
আইডিএফের দাবি, হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার প্রেক্ষিতে সম্ভাব্য আরও অভিযানের প্রস্তুতি হিসেবে এই সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের প্রতিরক্ষা এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা পাল্টা আক্রমণ চালিয়েছে। সংগঠনটি আরও বলেছে, তাদের নেতা ও সদস্যদের হত্যার প্রতিক্রিয়া জানানো তাদের অধিকার এবং উপযুক্ত সময় ও স্থানেএর কঠোর প্রতিশোধ নেয়া হবে।
এসি//