আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য থেকে পালাচ্ছে মার্কিনীরা

ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যৌথ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। অভিযানের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলা চালাচ্ছে ইরান, বিশেষ করে ইসরাইলের বিভিন্ন স্থাপনা এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে তেহরান।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে অন্তত ৯ হাজার মার্কিন নাগরিককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি বলেন, দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলার ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় থাকা মার্কিন কর্মীদের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয় এবং সবাই নিরাপদে রয়েছেন।

রুবিও আরও জানান, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রায় ১ হাজার ৬০০ মার্কিন নাগরিক অঞ্চলটি ত্যাগের জন্য সহায়তা চেয়েছেন। পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সৌদি আরব ও কাতারসহ এক ডজনের বেশি দেশ থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ ভ্রমণ সতর্কতার তালিকায় রয়েছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা অঞ্চল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। নিরাপত্তা ঝুঁকির কারণে এসব দেশে অবস্থানরত নাগরিকদের বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে অবিলম্বে অঞ্চল ত্যাগ করার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এদিকে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীরা নিরাপত্তাজনিত কারণে কূটনৈতিক স্থাপনা ত্যাগ করেছেন বলে জানা গেছে।

ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, সাধারণত এমন নাগরিক সরিয়ে নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে দিলেও এবার সামাজিক মাধ্যমে দেওয়া বার্তা নজিরবিহীন হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রসঙ্গত, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা সামরিক অভিযান শুরু করে। পরিস্থিতি কতদিন স্থায়ী হতে পারে—এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সংঘাত চার থেকে পাঁচ সপ্তাহ চলতে পারে, তবে বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করে এর মেয়াদ আরও বাড়তে পারে।

সূত্র: আল-জাজিরা

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন