‘লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি’
নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন। তিনি নিজের ও পরিবারের সদস্যদের হিসাবের তথ্য তুলে ধরে বলেন, জনগণের কাছে তার কিছুই লুকানোর নেই।
একটি অভিযোগের ভিত্তিতে তার ব্যাংক হিসাব যাচাইয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংকে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছিল। গণমাধ্যমে এ খবর প্রকাশের পর বুধবার (০৪ মার্চ) রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা।
ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, আমার ব্যাংক হিসাব তলব করা হয়েছিল সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে। আমার কাছ থেকে নয়। সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠাবে।
তিনি এতে আরও লেখেন, জনগণের কাছে স্বচ্ছতা ও জবাব নিশ্চিতের লক্ষ্যে আমি পরিবারের মোট ৪ জনের ৯টি অ্যাকাউন্টের সব তথ্য প্রকাশ করেছি। তথ্য প্রমাণ না থাকায় তারা বারবার বিভ্রান্তিকর নিউজ করে চরিত্রহননের উপায় বেছে নিয়েছে।
শেষে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা লেখেন, আমার জনগণের কাছে লুকানোর কিছু নেই। কোনো অনিয়ম করিনি। এই সৎ সাহস আছে বলেই কাউকে কুর্নিশ করতে হয়নি, সমঝোতা করতে হয়নি। মাথা উঁচু করে দায়িত্ব পালন করেছি। যে কোনো চ্যালেঞ্জ নিয়েছি এবং ভবিষ্যতেও নিতে প্রস্তুত আছি।
এসি//