তুরস্কে হামলার অভিযোগ অস্বীকার করল ইরান
তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওঠা এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে তেহরানের সামরিক কর্তৃপক্ষ।
ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশ তুরস্কের সার্বভৌমত্বকে ইরান সম্মান করে এবং দেশটির ভূখণ্ড লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার একটি ক্ষেপণাস্ত্র তুরস্কের দিকে ছোড়া হয়, যা ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থা আকাশসীমায় প্রবেশের সময় ভূপাতিত করে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইরাক ও সিরিয়ার উপর দিয়ে উড়ে যাওয়ার পর ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমার কাছে পৌঁছে যায় এবং সেখানে সেটিকে প্রতিরোধ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, তুরস্ক তার ন্যাটো মিত্রদের সঙ্গে পরামর্শ করে ‘প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বন করছে’ এবং ‘পুনরায় অনুরূপ ঘটনা যাতে না ঘটে সেজন্য স্পষ্টভাবে সতর্কতা জারি করছে’।
এসি//