ইসরাইলে আরও ১২ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে ইসরাইলের কাছে প্রায় ১৫১ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। শুক্রবার (০৬ মার্চ) রাতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক ঘোষণায় জানানো হয়, এই চুক্তির আওতায় এক হাজার পাউন্ড ওজনের মোট ১২ হাজার বোমা সরবরাহ করা হবে।
অ্যাসোসিয়েটেড প্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, জরুরি পরিস্থিতি বিবেচনায় অস্ত্র বিক্রির ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদনের প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তবে বিষয়টি কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
সাধারণ নিয়ম অনুযায়ী বিদেশে অস্ত্র বিক্রির ক্ষেত্রে কংগ্রেসে পর্যালোচনা ও অনুমোদনের একটি নির্দিষ্ট ধাপ থাকে। কিন্তু এবার জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে সেই প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, সরবরাহ করা বোমাগুলো ইসরাইল কোথায় ব্যবহার করবে সে বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
তবে মার্কিন প্রশাসন দাবি করেছে, এই অস্ত্র বিক্রির মাধ্যমে ইসরাইলের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা বাড়বে এবং প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ইসরাইলের সামরিক শক্তি বৃদ্ধির এই পদক্ষেপ আঞ্চলিক সংঘাতের মধ্যে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে, সংঘাতের মধ্যেই ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, একদিনেই তারা ইরানের ভেতরে চার শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ও ড্রোন সংরক্ষণাগারও ছিল।
অন্যদিকে ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এখন পর্যন্ত মার্কিন–ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৩৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এসি//