দেশজুড়ে

মজুদ থাকার পরও বিক্রি না করায় দুই পেট্রোল পাম্পকে জরিমানা

রংপুর নগরীত মজুদ থাকার পরেও বিক্রি না করায় নগরীর ইউনিক ট্রেডার্স ও রহমান ট্রেডার্স নামক দুই পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মওলার নেতৃত্বাধীন বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।

বিএসটিআই জানায়,জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধ ও গ্রাহকরা সহজেই যেন পায় সেটি নিশ্চিত করতে বিভাগীয় নগরী রংপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিএসটিআই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

এ সময় শাপলা চত্বরের ইউনিক ট্রের্ডাস ফিলিং স্টেশনে গিয়ে দুটি মেশিন বন্ধ পাওয়া যায়। মাত্র দুটি মেশিনের মাধ্যমে ধীরগতিতে পেট্রোল ও অকটেন ও ডিজেল বিক্রি করা হচ্ছিল। পেট্রোল পাম্পটিতে পর্যাপ্ত জ্বালানি তেল থাকার পরও বিক্রি বন্ধ রাখা ও তেলের মজুত সম্পর্কে তথ্য প্রদান না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রহমান ট্রেডার্স নামে ফিলিং স্টেশনে অভিযান চালায় বিএসটিআইসেখানেও পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকার পরেও বিক্রি না করা ও স্টকে কত তেল আছে তার কোনও কাগজপত্র না পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউনিক ট্রেডার্স ফিলিং স্টেশনের মালিক আজিজুল ইসলাম জানান, কিছুক্ষণ আগে পেট্রোল, ডিজেল ও অকটেন এসেছে- সে কারণে দুটি মেশিন বন্ধ ছিল।

এ বিষয়ে বিএসটিআই পরিদর্শক নাছির উদ্দিন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল গ্রাহকরা ঠিক মতো পাচ্ছে কি না তা পর্যবেক্ষণ করার জন্য সরেজমিনে রংপুর নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে ৭টি পাম্প সরেজমিনে ঘুরে দেখা হয়েছে, অভিযান চলছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন