ইরান-ইসরাইল সংঘাত
বিশ্ববাজারে বেড়েই চলেছে তেলের দাম, শেয়ারবাজারে বড় ধস
মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে এবং শেয়ারবাজারে বড় পতন দেখা গেছে।
সোমবার (০৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলে হয়, বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১১০ ডলারের ওপরে চলে গেছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড প্রায় ২৪% বেড়ে ১১৪.৭৪ ডলার হয়েছে, আর যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডাব্লিউটিআই ক্রুড ওয়েল (নাইমেক্স লাইট সুইট) ২৬% বেড়ে ১১৪.৭৮ ডলার হয়েছে।
এছাড়া এশিয়ার শেয়ারবাজারেও বড় পতন দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৭% এরও বেশি কমেছে, হংকংয়ের হ্যাং সেং ৩% এরও বেশি কমেছে এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ ৪% এরও বেশি কমেছে।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এই দাম বৃদ্ধি ঘটেছে। সাধারণত বিশ্বের প্রায় ২০% তেল এই প্রণালি দিয়ে পরিবহন হয়।
বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকে, তেলের দাম প্রতি ব্যারেল ১৫০ ডলারেরও বেশি হতে পারে। এতে বিশ্বজুড়ে জ্বালানি, পরিবহন, সার উৎপাদন এবং শিল্প খরচ আরও বাড়বে।
এমএ//