১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, ১৬ মার্চ প্রধানমন্ত্রীর উদ্বোধনের পাশাপাশি একই দিনে দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী এবং সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে একযোগে এই কর্মসূচির সূচনা করবেন। পানিসম্পদ, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, এটি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়; বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের একটি বড় রাজনৈতিক অঙ্গীকার। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যন্ত্রপাতির ব্যবহার কমিয়ে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সাধারণ শ্রমিকদের দিয়ে করানো হবে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
প্রধানমন্ত্রী এই কর্মসূচিতে কেবল শ্রমিক নয়, স্বেচ্ছাসেবী সংগঠনসহ উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করার ওপর জোর দিয়েছেন। তরুণ প্রজন্মকে দেশ গড়ার এই উদ্যোগে সরাসরি অংশগ্রহণের সুযোগ করে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
অতীতে খাল খনন প্রকল্পের নামে অর্থ লোপাটের অভিযোগ থাকায় এবার অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনসম্পৃক্ততা বাড়ানো হচ্ছে বলেই অনিয়মের সুযোগ কমে যাবে। এবার স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা সরাসরি মাঠে উপস্থিত থেকে কাজ তদারকি করবেন। সাধারণ মানুষ নিজের চোখের সামনে কাজের অগ্রগতি দেখলে দুর্নীতির সুযোগ থাকবে না বলেও তিনি দাবি করেন।
এসি//