কানাডায় মার্কিন দূতাবাসে গোলাগুলি
কানাডার টরন্টো শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। মঙ্গলবার (১০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টরন্টো পুলিশ অপারেশনস জানায়, স্থানীয় সময় ভোর ৫টার দিকে গুলির শব্দ শোনা যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সন্দেহভাজন ব্যক্তিকেও শনাক্ত করা যায়নি। তদন্তের স্বার্থে দূতাবাসের আশপাশের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে নরওয়ের রাজধানী অসলোতেও গত রোববার যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করছে নরওয়ের পুলিশ।
কর্মকর্তারা বলছেন, এটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা হতে পারে এবং এতে তাৎক্ষণিক বিস্ফোরক যন্ত্র ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সঙ্গে এসব ঘটনার সম্ভাব্য যোগসূত্র থাকতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র–ইসরায়েল যৌথ হামলার পর টরন্টোর বিভিন্ন স্থানে গুলির ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহে শহরের তিনটি ইহুদি উপাসনালয়েও গুলি চালানোর ঘটনা ঘটে। এছাড়া ইরান সরকারের সমালোচক এক ইরানি–কানাডীয় ব্যক্তির মালিকানাধীন একটি বক্সিং জিমেও গত সোমবার গুলি চালানো হয়।
নরওয়ের পুলিশ ইতোমধ্যে অসলোতে দূতাবাসের বাইরে হওয়া বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে। ওই বিস্ফোরণে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।
এসি//