ঢাকায় সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নিষেধাজ্ঞা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে ঢাকার শেরেবাংলা নগর ও আশপাশে সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১১ মার্চ) দুপুরে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার এই আদেশ জারি করেন।
আদেশে বলা হয়েছে, ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনা ও আইন-শৃঙ্খলা রক্ষার জন্য নির্দিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারার অধীনে জারি করা হয়েছে এবং আজ বুধবার রাত ১২টা থেকে সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে মহাখালী ক্রসিং থেকে বাংলামোটর ক্রসিং, পান্থপথ থেকে ফার্মগেট, মিরপুর রোড থেকে ধানমন্ডি, রোকেয়া সরণি থেকে বিজয় সরণি এবং ইন্দিরা রোড থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত অঞ্চল। এছাড়া, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও এর অন্তর্গত রাস্তা ও গলিপথও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
ডিএমপি জানিয়েছে, সংসদ অধিবেশন চলাকালে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসি//