আন্তর্জাতিক

কুয়েতে ইরানি হামলায় আহত ৩৮ মার্কিন সেনা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে আহত হয়েছেন অন্তত ৩৮ জন মার্কিন সেনা। বুধবার (১২ মার্চ) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।

প্রতিবেদন অনুযায়ী, গেল ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় ১২ দিনে এসব হামলায় বহু মার্কিন সেনা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে কেউ ব্রেইন ট্রমা, কেউ আগুনে পোড়া এবং কেউ শার্পনেলের আঘাতে গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা এতটাই গুরুতর যে চিকিৎসকদের মতে তার একটি পা কেটে ফেলতে হতে পারে।

আহত ৩৮ জনের মধ্যে ১৩ জনকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হয়েছে। তাদের একজন ভর্তি আছেন ব্রুক আর্মি মেডিকেল সেন্টারে এবং ১২ জন চিকিৎসা নিচ্ছেন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে।

অন্যদিকে বাকি ২৫ জন আহত সেনা চিকিৎসা নিচ্ছেন জার্মানির ল্যান্ডস্টুল আঞ্চলিক মেডিকেল সেন্টারে।

এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর।

পেন্টাগনের মুখপাত্র সিন পার্নেল জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে গত ১১ দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন