জাতীয়

হাসপাতাল পরিদর্শনে গিয়ে আবারও চিকিৎসকদের পেলেন না মন্ত্রী

আবারও আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।  মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে তিনি চিকিৎসক অনুপস্থিতি ও অব্যবস্থাপনার চিত্র প্রত্যক্ষ করেন।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য মন্ত্রী।

এ সময় রোগী ও তাদের স্বজনদের  চিকিৎসক সংকট ও অপেক্ষার সময় দীর্ঘ হওয়ার অভিযোগ করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন,  ৩২ চিকিৎসকের মধ্যে অনেকেই অনুপস্থিত থাকলে একটি উপজেলা হাসপাতালের কার্যক্রম স্বাভাবিকভাবে চলা কঠিন। সরকারি হাসপাতালে দায়িত্ব পালনে অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকবেন না বা দায়িত্বে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনও হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন হাসপাতালে ওষুধ সরবরাহে অনিয়ম, রোগীদের জন্য বরাদ্দ খাবার ঠিকমতো না দেওয়া এবং চিকিৎসক-নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়ম বন্ধে নজরদারি জোরদার করা হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত ৩২ চিকিৎসকের মধ্যে ১২ জন বিভিন্ন স্থানে সংযুক্ত (অ্যাটাচমেন্ট) রয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন চিকিৎসক আজ অনুপস্থিত ছিলেন। ফলে সীমিত জনবল দিয়েই হাসপাতালের সেবা কার্যক্রম চালাতে হচ্ছে।

এর আগে নরসিংদীতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে কয়েকজন চিকিৎসকে কর্মস্থলে পাননি স্বাস্থ্য মন্ত্রী। এ সময় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন মন্ত্রী।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন