হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে চেয়ার দিয়ে পিটিয়ে ও কিল-ঘুসি মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শাহেদ ও তার অনুসারীদের বিরুদ্ধে।
রোববার (২৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জরুরি বিভাগে এমন হামলার ঘটনায় চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে জুয়েলকে চেয়ার দিয়ে আঘাত করার পাশাপাশি কিল-ঘুসি ও লাথি মারা হচ্ছে। এতে তিনি রক্তাক্ত হন। আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি।
অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
জানা গেছে, সন্ধ্যায় মুঠোফোন কেনাবেচাকে কেন্দ্র করে শাহেদ ও জুয়েলদের মধ্যে বিরোধের জেরে মারামারি হয়। এতে আহত জুয়েল চিকিৎসা নিতে সদর হাসপাতালে যান। অভিযোগ রয়েছে, শাহেদ তার অনুসারীদের নিয়ে হাসপাতালের সামনে জুয়েলকে মারধর করেন। একপর্যায়ে হামলা থেকে বাঁচতে জুয়েল জরুরি বিভাগে ঢুকে পড়লেও সেখানে গিয়েও তাকে মারধর করা হয়। এ সময় চেয়ার দিয়ে আঘাত করার পাশাপাশি এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মারা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি জানান, শাহেদ দালাল বাজার কলেজ ছাত্রদলের ক্লাস কমিটির নেতা ছিলেন। বর্তমানে তার কোনো পদ-পদবি নেই। তবে তিনি পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অরূপ পাল বলেন, হাসপাতালে হামলার ঘটনা দুঃখজনক। সিসিটিভি ক্যামেরায় হামলার দৃশ্য স্পষ্টভাবে ধারণ হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসি//